পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং পরিবেশ রক্ষায় এর ব্যবহার নিরুৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শহরের খালপাড়, জগত বাজার, সড়ক বাজার ও আনন্দবাজার এলাকার বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন।

লিফলেটে পলিথিনকে পরিবেশ ও জীবনের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করে এর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়। এতে বলা হয়, পলিথিন সহজে পচনশীল না হওয়ায় দীর্ঘদিন মাটিতে থেকে মাটির স্বাভাবিক গুণাগুণ ও উর্বরতা ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

লিফলেটে আরও উল্লেখ করা হয়, পলিথিন ড্রেন, নালা ও জলপ্রবাহের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে এর কারণে নগরজীবনে দুর্ভোগ বাড়ার পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়। নদী, খাল ও অন্যান্য জলাশয়ে পলিথিন জমে জলজ প্রাণীর জন্যও ক্ষতিকর পরিবেশ তৈরি করতে পারে।

কর্মসূচিতে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পলিথিন পরিবেশের পাশাপাশি জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তাই পলিথিন বর্জনে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে সবাইকে উৎসাহিত করার আহ্বান জানান। পরিবার, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে ধীরে ধীরে পলিথিনের ব্যবহার কমানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।