ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। এখানে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের স্থান হবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।”
শনিবার দুপুরে ত্রিশাল কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২১৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিনসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। পতিত সরকার তাঁকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।”
তিনি বলেন, “পতিত সরকার এখন উঁকি-ঝুঁকি দিয়ে দেশে থাকা তাদের দোসরদের চাঙ্গা করার চেষ্টা করছে। বিভিন্ন সময় তারা দেশে ফেরার কথা বলছে। কিন্তু তারা আর দেশে ফিরতে পারবে না।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মকে শিক্ষা, মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া ২১৪ জন কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ক্রেস্ট, সম্মাননা ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।