ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নাজিম মোল্লা-(২৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা দায়েরকে কেন্দ্র করে বুড়িশ্বর গ্রামের মহিউদ্দিন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুর রশীদ গংদের বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ শেষে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নাজিম মোল্লার মৃত্যু হয়।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান,পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত নাজিম মোল্লার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।