ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিযে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এসে শেষ হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে র‌্যালি উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, ধর্ম যার যার দেশটা আমাদের সবার। আমরা চাই, ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রদায়িক সম্প্রতি নিয়ে যেন আমরা সকলেই বসবাস করতে পারি। তিনি বলেন, আমি চেষ্টা করি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য।

তিনি আরো বলেন, এই দেশটা আমাদের যেমন অধিকার আছে, আপনাদেরও সমান অধিকার আছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের পাশে আছি। আগামী দিনেও আপনাদের পাশে থাকবো।

তিনি বলেন, মানবতার প্রত্যয় নিয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল। সে মানবতাবোধ আমাদের সকলের মাঝে জাগ্রত হোক, এটাই আমি প্রত্যাশা করি। এ সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশ জাতির কল্যাণ কামনা করেন।

র‌্যালিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ রং-বেরঙের পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ গ্রহণ করেন। রাতে বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা রয়েছে।