সাতক্ষীরা জেলায় ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সিভিল সার্জন কার্যালয়, সাতক্ষীরা থেকে প্রকাশিত ডেঙ্গু রোগী সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম।
প্রতিবেদন সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত ৭ জন রোগীর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে আজ ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সর্বমোট ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৩ জন রোগীকে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালভিত্তিক রোগীর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৯ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ৯ জন, দেবহাটায় ৩ জন, কালিগঞ্জে ৩ জন, কলারোয়ায় ২ জন, শ্যামনগরে ৩ জন এবং তালা উপজেলায় ৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং এ বছর এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা শূন্য।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম।
