ফেনী পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং পৌরসভার সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে সহজে পৌঁছে দিতে চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন‘মাই ফেনী’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী এবং সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম।

অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তা ও সার্বিক সহযোগিতা করেন ইনোভেশন আইটির সিইও খুরশিদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুত সেবা দেওয়া বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যা ও পৌরসেবাকে ডিজিটাল ব্যবস্থায় আনার উদ্যোগটি সময়োপযোগী।

তিনি বলেন, নাগরিকরা শুধু অভিযোগ জানাবেন না, বরং তাঁদের অভিযোগের দ্রুত ও গুণগত সমাধান নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সুফল পেতে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন। অ্যাপটির ব্যবহারে নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌরসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

জেলা প্রশাসক আরও বলেন, একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গড়ে তুলতে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস এম শরফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘মাই ফেনী’ অ্যাপের ব্যবহারবিধি ও বিভিন্ন ফিচার প্রদর্শন করা হয়। অ্যাপটির মাধ্যমে ড্রেনেজ সমস্যা, ময়লা-আবর্জনা অপসারণ, সড়কবাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সেবার জন্য আবেদন করা এবং সেসব আবেদনের অগ্রগতি তদারকি করা যাবে।