হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিরূপ মন্তব্যের অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আইরল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুজ্জামান ওয়াসিম ওই গ্রামের মো. রতনের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

একপর্যায়ে কয়েকশ মানুষ তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।