নোয়াখালীর বিভিন্ন থানা ও বিট এলাকায় দিনব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা পরিচালিত এসব অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস্) মোঃ পেয়ার আহমেদ। এর ১ সেপ্টেম্বর ১৯টি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবীকে আটক করা হয় । তাদের কাছ থেকে মোট ৫৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানাভিত্তিক অভিযানে উল্লেখযোগ্য তথ্যের মধ্যে রয়েছে,কোম্পানীগঞ্জ থানায় ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানায় মাদকসেবনের দায়ে ৬ জনকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সেনবাগ থানায় পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। চাটখিল থানায় ৪০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া চরজব্বার থানায় মাদকসেবনের দায়ে ৩ জনকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল, নিয়মিত অভিযান এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা অত্যন্ত জরুরি।
আমরা বিশ্বাস করি, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে সমাজ থেকে সকল ধরনের অন্যায়, মাদক ও অপরাধ দূর করতে। নোয়াখালী জেলা পুলিশ সবসময় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং আপনাদের আস্থার প্রতীক হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করছি।