শিক্ষার্থীদের সহজভাবে ইংরেজি শেখানো এবং ইংরেজিভীতি দূর করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে ‘ব্লোমিং ক্লাসরুম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ব্লোমিং ক্লাসরুম উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্য বিদ্যালয়গুলোতেও এ ব্যবস্থা চালু করা হবে।
আয়োজকদের ভাষ্য, ‘যেভাবে শিখেছি বাংলা, সেভাবেই শিখব ইংরেজি’—এই ধারণাকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য সহজ ও স্বাভাবিক পদ্ধতিতে ইংরেজি শেখানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমের অংশ হিসেবে সোমবার উপজেলার ৩৫ জন শিক্ষককে ব্লোমিং ক্লাসরুমের পদ্ধতি ও ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এ বিষয়ে মোড়ক উন্মোচন ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী দুই দিন আরও প্রায় ১০০ শিক্ষককে নিয়ে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় ব্লোমিং ক্লাসরুমের সহায়ক হিসেবে এর উদ্যোক্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার লেখা বই এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষকদের দেওয়া হয়।
সোমবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লোমিং ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. ইলিয়াস উদ্দিন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় ব্লোমিং ক্লাসরুমের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন উদ্যোক্তা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।
উদ্যোক্তা জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতি রয়েছে। এ ভীতি দূর করে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখানোর জন্য তিনি একটি প্রক্রিয়া তৈরি করেছেন। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষকরা পদ্ধতিটি যথাযথভাবে প্রয়োগ করতে পারলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজিতে আগের তুলনায় বেশি দক্ষ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া উদ্যোগটির প্রশংসা করে বলেন, বই লেখা থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় তিনি সহকারী শিক্ষা কর্মকর্তাকে উৎসাহ দিয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, এ ধরনের পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতি থাকলেও ব্লোমিং ক্লাসরুমের মাধ্যমে সহজ ও সঠিক পদ্ধতিতে ইংরেজি শেখানো সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।