চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে অবস্থিত ডিসি ইকোপার্কে খেলার মাঠ স্থাপনের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিএসএফ) ও ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইকোপার্কের মতো সংরক্ষিত এলাকায় খেলার মাঠ নির্মিত হলে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এ প্রেক্ষাপটে অবিলম্বে খেলার মাঠ স্থাপন প্রক্রিয়া বন্ধের দাবি জানান তারা।
কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি আহসান হাবীব শিপলু। তিনি জীববৈচিত্র্য রক্ষায় ইকোপার্কের মতো সংরক্ষিত স্থানে খেলার মাঠ স্থাপন বন্ধের আহ্বান জানান।
এ ছাড়া বক্তব্য দেন সুহৃদ-এর চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণে ইকোপার্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন প্রকৃতিপ্রেমিক ও সংগঠনের সদস্য মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফর নাহারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।