চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

​আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর শহরের নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কচুয়া থানায় নিয়ে আসা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্টকে কেন্দ্র করে উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় কচুয়া থানার (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা দায়ের করেন। ৩০ আগস্ট রুজু হওয়া এই মামলায় (নম্বর ৫৯) অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এই মামলায় মোট ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

​গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, “সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি হিসেবে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

​উল্লেখ্য, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।