নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৪ জন নারী ও ৪ জন পুরুষকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৯ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারস্থ মিয়ামী ও স্কাইভিউ হোটেলে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনা এবং ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চৌমুহনী বাজারের ওই দুই হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৮ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পুরুষ আসামিরা হলেন,সোনাইমুড়ী পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর
গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭), হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩), এছাড়াও আরও ৪ জন নারীকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালীর চৌমুহনীতর আবাসিক হোটেল থেকে ৪ নারীসহ ৮ জন গ্রেফতার