লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনের স্ত্রীকে কুপিয়েছে এক দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে প্রবাসী জামাল হোসেনের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ আগষ্ট (শুক্রবার) দিবাগত ভোর রাতে বাসার ছাদ থেকে সিঁড়ি রুম দিয়ে এক দূর্বৃত্ত প্রবাসী জামাল হোসেনের ঘরে প্রবেশ করে। ওইসময় জামাল হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩৫) সম্ভবত দূর্বৃত্তকে চিনে ফেলায় তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। তার চিৎকারে রুমে থাকা ছোট মেয়ে, অন্য রুমে থাকা দুই ছেলে ও আশেপাশের লোকজন ছুটে আসলে ওই দূর্বৃত্ত পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে লাকসাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গৃহবধূর অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে ওই গৃহবধূ ঢাকার একটি হাসপাতালে আইসিও’তে চিকিৎসাধীন রয়েছেন। গৃহবধূকে উদ্ধারের পর থেকে সে জ্ঞান হারা রয়েছেন।
স্থানীয়রা আরও জানান, ঘটনার দিন ওই ঘরে গৃহবধূর দুই ছেলে ও এক মেয়ে ছাড়া অন্য কেউ ছিলনা। তার শাশুড়ি ও ঝা অন্যত্রে বেড়াতে গিয়েছিলেন। তবে গৃহবধূর তিন সন্তানই ছোট।
ঘরের কোনো জিনিসপত্র খোয়া গেছে কিনা এসব বিষয়ে সঠিকভাবে কেউ বলতে পারছেন না। পরিবারের সবাই গৃহবধূর চিকিৎসা কাজে ঢাকায় ব্যস্ত রয়েছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। একমাত্র প্রত্যক্ষদর্শী গৃহবধূ চিকিৎসাধীন থাকায় বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।