নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সাবিনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকার মো. তাজুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাবিনা বেগম ওই এলাকার মো. তাজুল ইসলামের স্ত্রী এবং মৃত শাহ আলমের মেয়ে।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় সাবিনা বেগমের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার নারীর বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।