মাদক সেবন করে মাতলামি এবং পিতা-মাতাকে মারধরের অভিযোগে রাজু মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বন্দর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।

জানা যায়, রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি করতেন এবং পারিবারিকভাবে পিতা-মাতার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। সর্বশেষ পিতা আব্দুছ ছালামের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত রাজু মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ধোবাউড়া থানা পুলিশ সহযোগিতা করে।