বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ সমূহে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
ধোবাউড়ায় জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি ২১ টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের কাছে এই চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা কেবল আর্থিক সহায়তার বিষয় নয়; এটি পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও নাগরিক অধিকারের প্রতি দায়বদ্ধতারও প্রকাশ। বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অঙ্গীকার হচ্ছে, সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।
সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণকে এ ব্যাপারে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ধর্মীয় উৎসব সমূহ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐতিহ্যের প্রতীক। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। দল, ধর্ম ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। সেই দায়িত্ববোধ থেকেই শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূজামণ্ডপগুলোকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ সহযোগিতা পূজা উদযাপনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, মাহবুবুল আলম, আবদুল মোমিন শাহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।