মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বের বড় রাজনৈতিক দল বলে দাবি করা একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে। ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি, টাকা-পয়সা কোনো কিছুই তাদের পতন ঠেকাতে পারেনি।’
আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের নামে ডামি নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করত। অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও এখনো স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। সরকার নির্বাচন না দিয়ে ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে বসাচ্ছে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো দখল করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ৩১ দফা বাস্তবায়নের কথা বলে। কিন্তু সেই ৩১ দফার কোথাও লেখা নেই যে দেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে।’
ডা. মাহমুদা মিতু বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছেন, তাদেরই কুশপুত্তলিকা বানিয়েছেন। আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিলে গাংনীর মানুষ এমন শিক্ষা দেবে, তখন কোথায় পালাবেন তা ভেবে রাখুন। বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। আওয়ামী লীগের পথ অনুসরণ করলে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে, মুখ দেখানোর জায়গাও পাবেন না।’
তিনি আরও বলেন, ‘একটি বালুভর্তি ট্রাকও সরাতে পারেননি, অথচ এখন চোরাগোপ্তা হামলার চেষ্টা করছেন। এনসিপি জুলাই আন্দোলনের রক্তের ওপর গড়ে উঠেছে। দলের নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা হলে জনগণই তার প্রতিরোধ করবে।’
বক্তব্যে তিনি সরকার গণভোটের রায়ের সঙ্গে বেইমানি করেছে বলেও অভিযোগ করেন।
পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।