সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৯ জুলাই (২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ৪টি বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ ৮৫ হাজার টাকা।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য প্রবেশের গোপন খবরে আজ দিনভর বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মোবাইল পার্টস, একটি বাংলাদেশী মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ সুখী, ফেমিকোন ও ফেমিপিল ট্যাবলেট জব্দ করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালায় কাকডাঙ্গা বিওপির দল। সেখান থেকে সর্বোচ্চ ১৮ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল পার্টস, বাংলাদেশী মোটরসাইকেল ও তিন ধরনের পরিবার পরিকল্পনা ট্যাবলেট (সুখী, ফেমিকোন, ফেমিপিল) আটক করা হয়।

এছাড়া সদর থানার তলুইগাছা বিওপি’র চারাবাড়ি নামক স্থান থেকে ৩ লাখ ৫৬ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি। অপরদিকে সাতক্ষীরা সদরের সীমান্তে ​বৈকারী বিওপি বলদঘাট সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল পার্টস উদ্ধার করা হয়।

কলারোয়া থানার হিজলদি বিওপি’র বড়ালী নামক স্থান থেকে ১ লাখ ১৯ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল পার্টস উদ্ধার করে টহল দল।

এবিষয়ে ​৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, জব্দকৃত মালামালসমূহ চোরাকারবারিরা সরকারি শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছিল। এ ধরনের মাদক ও চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

​রাজস্ব ফাঁকি রোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় অর্থনীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সীমান্তে বিজিবির এমন জনস্বার্থমুখী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।