চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে গভীর রাতে গাছ ফেলে যাত্রীবাহী বাস ও ভ্যানে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার ওদুদ শাহ ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে তারা চারপাশ থেকে ঘিরে ধরে তাণ্ডব চালায়। ডাকাতরা প্রথমে দামুড়হুদার দশমী গ্রামের ভ্যানচালক যুব্বারের পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এরপর তারা চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী নৈশকোচের গতিরোধ করে। ডাকাত সদস্যরা বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিক মোবাইল ফোন এবং মোটা অঙ্কের নগদ অর্থ লুটে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের মুখে গামছা ও কাপড় জড়ানো ছিল। গভীর রাত ও মহাসড়কের নির্জনতার সুযোগ নিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যে এই লুটপাট চালায়।
এদিকে ঘটনা চলাকালীন চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের কাছাকাছি এলাকায় দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তমের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তান্ডব শেষে ডাকাত দলটি মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং মহাসড়কে রাতের নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। পুলিশ সুপার মহোদয় নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মহাসড়কে এমন চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের বিভিন্ন নির্জন পয়েন্টে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।