মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘ-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আইরিন খান আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত মানবাধিকার ব্যক্তিত্ব। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব।

পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২০ সালের ১ আগস্ট থেকে আইরিন খান জাতিসংঘ-এর মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই পদ চালু হওয়ার পর তিনিই প্রথম নারী, যিনি এই দায়িত্বে নিযুক্ত হন।

নতুন দায়িত্বে তিনি জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরার দায়িত্ব পালন করবেন।