গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগার বিসিক এলাকায় ‘হোন্ডা মহড়া’, চাঁদাবাজি, পথরোধ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন এজাহারভুক্ত এবং ২ জন তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগার বিসিক ফকির মার্কেট এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের জুট ব্যবসাকে কেন্দ্র করে পাগার এলাকার প্রায় ১০০ জন ব্যক্তি ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এ সময় তাদের মধ্যে ২ থেকে ৩ জনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিরা ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের সামনে এসে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ৮ থেকে ১০ জন ভেতরে প্রবেশ করে এবং তাদের সঙ্গে সমঝোতা ছাড়া জুট বাইরে নেওয়া যাবে না বলে জানায়। একই সঙ্গে স্থানীয় মো. নুরুজ্জামান জামাল ও তার লোকজনের পথরোধ করে চাঁদা দাবি এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মো. নুরুজ্জামান জামাল বাদী হয়ে অভিযোগ দায়ের করলে টঙ্গী পূর্ব থানায় মামলা নং-০২, তারিখ ০২ জুলাই ২০২৬, দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৮৫/৫০৬ ধারায় মামলা রুজু হয়।
মামলার পর ১ জুলাই তিনজন এবং ২ জুলাই আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— তৌহিদুল ইসলাম সজীব (৩৫), মো. রনি খাঁ (৩৯), মো. মনোয়ার হোসেন (২৮), মো. রিয়াজন রাজন (৩০), জাহাঙ্গীর শেখ জমির (২৭), জহির (৩৩), বায়জিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), মো. রাসেল খাবরী (২৮) ও মো. সাগর নয়ন (২০)।
জিএমপি টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী বলেন পাগার বিসিক এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়াকারীর ১১ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
টঙ্গীর বিসিক এলাকায় ‘হোন্ডা মহড়া’ মামলায় গ্রেপ্তার ১১

টঙ্গীর বিসিক এলাকায় ‘হোন্ডা মহড়া’ মামলায় গ্রেপ্তার ১১