ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এবং সন্ধ্যায় গফরগাঁও পৌরশহরে দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
দক্ষিণ গফরগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য বাচ্চু বলেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা বিনির্মাণে যুবদলকে এগিয়ে আসতে হবে। অপশক্তি মোকাবিলা এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা যুবদলের সদস্য সারোয়ার আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন।
এদিকে, সন্ধ্যায় গফরগাঁও পৌরশহরের দলীয় কার্যালয়ে যুবদলের আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দুই এলাকার যুবদলের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।