ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার সকল পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান হস্তান্তর করেন প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহ ১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাকের সঞ্চালনায় উপজেলার আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা মনিব, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পুঁজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায় প্রমূখ।

প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের হাজার বছরের সংস্কৃতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ঐতিহ্য রয়েছে। জাতী ধর্ম নির্বিশেষ একসাথে সকলেই সকল উৎসব পালন করে থাকি, এবারেও দেশে উৎসবমুখর পরিবেশ শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাচ্চু বলেন, সরকার হিন্দু সম্প্রদায়ের জন্য এই দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। আপনারা আনন্দ চিত্তে দুর্গোৎসব উদযাপন করুন।

অনুষ্ঠানে গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও উপজেলার ১টি‌ মন্দির ও ২০টি পূজা মন্ডপে মোট ১ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।