কিশোরগঞ্জে ‘মসজিদভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী মূল্যবোধভিত্তিক নৈতিক ও আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং আলেম সমাজের দায়িত্ব নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (২০ জুন) জেলা শহরের আল্লামা আতহার আলী (রহ.) কনভেনশন হলের ষষ্ঠ তলায় ‘তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত আলোচনা কার্যক্রম চলে।
আয়োজকরা জানান, সমাজে নৈতিক অবক্ষয় রোধ, পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মসজিদভিত্তিক কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; বরং এটি সমাজ গঠন, শিক্ষা, পরামর্শ, সামাজিক নেতৃত্ব ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইসলামের প্রাথমিক যুগে মসজিদকে কেন্দ্র করেই বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হতো। বর্তমান সময়েও সেই আদর্শ অনুসরণ করে মসজিদকে সমাজ উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, মাদকাসক্তি, কিশোর অপরাধ, পারিবারিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন সামাজিক সমস্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তরুণ আলেমদের উদ্দেশে বক্তারা দাওয়াতি কার্যক্রম, শিক্ষা সহায়তা, সামাজিক সেবা ও নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম, খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন সায়্যিদ সিরাজুল হুদা, মাওলানা সাইফ সিরাজ, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ূম, মুফতি আব্দুল মাজিদ, মাওলানা ইলিয়াস কাসেমী, মাওলানা মুত্তাকি, মাওলানা জুয়েল, মাওলানা শফিক এবং মাওলানা শফিকুল রহমান জালালাবাদী। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মুফতি আব্দুল মাজেদ।
মাওলানা আকরাম খন্দকার ও মাওলানা নাজিম উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা আব্দুল্লাহ সাদেক।
