ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর মাস্টারপাড়ায় নবনির্মিত নওয়াব আলী মাস্টার জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ আসর নামাজ আদায়, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মসজিদটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শিক্ষক মুফতি মুহসিনুল করিম। তিনি আসর নামাজে ইমামতি করেন এবং উদ্বোধনী বয়ান প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি আশা প্রকাশ করেন, নতুন মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জহির রায়হান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাহারুল ইসলাম মোল্লা, শিক্ষক নেতা দেওয়ান হাফিজ এবং সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া।
মরহুম নওয়াব আলী মাস্টারের ছেলে ও শিক্ষক নেতা দেওয়ান হাফিজ বলেন, প্রায় এক শতাব্দী আগে তাদের পরিবার এ এলাকায় বসতি স্থাপন করে। সে সময় আশপাশে কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের দূরে গিয়ে নামাজ আদায় করতে হতো। তিনি জানান, তাঁর বাবা দীর্ঘদিন শিক্ষকতা করার পাশাপাশি সুহিলপুর মসজিদে কয়েক দশক ইমামতি করেছেন।
তিনি বলেন, এলাকার মানুষের নামাজ আদায়ের সুবিধা এবং মরহুম নওয়াব আলী মাস্টারের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে পরিবারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে মসজিদটিতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন শিক্ষা এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণের জন্যও দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, এলাকাবাসী এবং মরহুম নওয়াব আলী মাস্টারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
