ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ত্রিশাল উপজেলার অধিকাংশ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

শুক্রবার ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা এলাকায় আছিম–সানকিভাঙ্গা–বগার বাজার (জেড-৩০/৩২) সড়ক মেরামত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সড়ক যোগাযোগ ও শিক্ষা খাতে উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে চান। এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দ ও সহযোগিতার বিষয়েও কথা বলেন বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী এবং জিয়াউল হাসান জামিল ফররুখ আহমদসহ স্থানীয় নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।