টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু সাইকেল নিয়ে বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। পরে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলের সময় এক শিশু পানিতে ডুবে গেলে অপরজন তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে ঘটনাটির প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।