দলীয় কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের সবুজপাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম আবু হানিফ বিপ্লব।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান বাবলু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক ইনছান আলী, সদস্য আব্দুল মালেক এবং সদস্য শামসুজ্জামান সাজু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন কর্মী তৈরি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আগামী দিনে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।