রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি পৌরসভা পরিদর্শন করে প্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করেন এবং বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানগুলো ঘুরে দেখেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষকদের মাসিক বেতন-ভাতা প্রদানে বিলম্বসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
পরে তিনি রাঙামাটি পৌরসভা কার্যালয়ে গিয়ে নিজের পৌরকর পরিশোধ করেন এবং পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পৌরসভায় সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের ভোগান্তির কারণ জানতে চান এবং দ্রুত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর পার্বত্য অঞ্চলের জন্য সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং বরাদ্দের অর্থ যথাযথ খাতে ব্যয় নিশ্চিত করা জরুরি। এটি সম্ভব হলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কখনো বাধাগ্রস্ত হবে না।
এ সময় বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান