ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চ শিক্ষার সুযোগ এবং গবেষণার সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে
Building Your Future: Career Development, Higher Education, and Research Opportunities শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম, পিএইচডি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদেও সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম. শফিকুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইব্রাহীম এবং পরিচালক (অর্থ) মো. আনোয়ার হোসেন।
এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান আলোচক শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার প্রস্তুতি, উচ্চশিক্ষার দেশি-বিদেশি সুযোগ, গবেষণার ক্ষেত্র ও সম্ভাবনা এবং পরিবর্তনশীল কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা, গবেষণার সক্ষমতা ও আত্মবিশ্বাস বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং সে অনুযায়ী পরিকল্পিতভাবে নিজেদের প্রস্তুত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক নিয়াজ মোহাম্মদ সাকিব।