‎নারীদের স্বাবলম্বী করা এবং বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙামাটিতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির আটটি ট্রেডের ৩০টি কোর্সে প্রায় ২৮০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) রাঙামাটি বিসিক কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎তিনি বলেন, প্রশিক্ষণ শেষ হওয়ার পর দক্ষ ও আগ্রহী প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা হবে। কম্পিউটার প্রশিক্ষণে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া বিসিক কার্যালয়ে আধুনিক সুবিধাসম্পন্ন বেকারি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যেখানে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি বেকারি পণ্য উৎপাদনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
‎
‎বিসিক সূত্র জানায়, সেলাই, বাটিক, কম্পিউটার, প্লাস্টিক পুঁতির কাজ ও বেকারি পণ্য তৈরি ছাড়াও মোট আটটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোর্স অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ পাঁচ দিন থেকে ছয় মাস পর্যন্ত। এর মধ্যে সেলাই প্রশিক্ষণ তিন মাস এবং বাটিক ও বেকারি প্রশিক্ষণ দুই মাসের।
‎
‎সংশ্লিষ্টদের মতে, এসব প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ করে পাহাড়ি নারীরা ঘরে বসে আয় ও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। তবে প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগাতে সহজ শর্তে পুঁজি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা প্রয়োজন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সভাপতিত্ব করেন বিসিক রাঙামাটি শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় বিসিকের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিসিক কার্যালয় পরিদর্শনে গিয়ে দীপন তালুকদার দীপু বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
‎