ঝালকাঠিতে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ক্বিরাত, আজান, হামদ-নাত, রচনা, ইসলামী জ্ঞান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে শিশু-কিশোরেরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ৬০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ।
ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক, প্রতিযোগী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় জ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চায় অংশগ্রহণ শিশু-কিশোরদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মো. আসাদুর রহমান মান্না। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রশিক্ষক মো. আবু জাফর খান।