মরণব্যাধি লিউকেমিয়ার সঙ্গে লড়াই করেও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ঝালকাঠির মেধাবী শিক্ষার্থী বুশরা মেহজাবীন। তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে বুশরার বাবা সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন বশিরের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
প্রাপ্ত তথ্যমতে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ব্যক্তিগতভাবে ২৫ হাজার টাকা এবং সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো আরও ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। তাঁদের দেওয়া মোট ৫০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, গ্রীন টিভির প্রতিনিধি নজরুল ইসলাম এবং বাংলাদেশ বেতারের প্রতিনিধি শাহীন আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুশরা মেহজাবীন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার পরও অসুস্থতার কাছে হার না মেনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। শারীরিক প্রতিকূলতার মধ্যেও পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে নিজের মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে বুশরা। তার এ সাফল্য পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
বুশরার চিকিৎসা অব্যাহত রাখা এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশা থেকেই এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও সমাজের মানুষের সহযোগিতা পেলে বুশরা আবারও সুস্থ হয়ে পড়াশোনাসহ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।