কক্সবাজারে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে নির্মাণাধীন আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নাধীন ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট শীর্ষক প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য প্রাপ্তির সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজ পরিচালনাকারী জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের ম্যানেজার মি. হাজুই ও মি. ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ম্যানেজার হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা ও বিএফডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের (জিওবি) তহবিল থেকে ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান হিসেবে ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করা হচ্ছে।
২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদকাল ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে দ্বিগুণ হয়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং বা নোঙর করার সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমে আসবে বলে আশা করা হচ্ছে।