‎গাজীপুর মহানগরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তর। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক, দুটি লোহার রড ও একটি লোহার তৈরি দা উদ্ধার করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
‎
‎জিএমপির গোয়েন্দা বিভাগ উত্তর সূত্রে জানা যায়, সহকারী পুলিশ কমিশনার শাহীন আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আবু বকর সিদ্দিক, এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান, এএসআই মো. জাকির হোসেন ও এএসআই মো. মাজিদুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনিট্রাক আটক করে। পরে ট্রাক থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আমিনুল ইসলাম মোতালেব (৩৮), পিতা মো. শামছুল হক, বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়; এবং মো. পারভেজ (৫৮), পিতা মো. মোখলেছুর রহমান, বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। তারা গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
‎
‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি লোহার রড, যার একটি এক পাশে চেপ্টানো ও বাঁকানো, একটি লোহার তৈরি দা এবং একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
‎
‎পুলিশের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম মোতালেবের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা, একটি ডাকাতি মামলা, চারটি চুরি মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। অন্যদিকে, পারভেজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও দুটি সিআর মামলা রয়েছে।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।