জামালপুরের সরিষাবাড়ীতে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, প্রাণনাশের হুমকি, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এক জেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা এলাকায় ভুক্তভোগী মৎস্যজীবী পরিবারের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাদ্দাম হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে একদল লোক শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন তিনি। এতে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

এ ঘটনায় পরদিন রোববার দুপুরে ২১ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।

শফিকুল ইসলামের অভিযোগ, মামলার আসামিরা জামিনে বের হয়ে তাকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, এলাকা ছেড়ে চলে যাওয়া এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে ভুক্তভোগী জেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তারা।