রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকছে।
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সরাসরি ভোটাভুটির প্রয়োজন হচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রার্থী হয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বদরুদ্দোজা হায়দার চৌধুরী। আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী পান ৯২ ভোট।
ফলে আগামীকালের নির্বাচন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।