আগামী ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।
জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। প্রদর্শনীতে রয়েছে আন্দোলনের আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক।
এছাড়া, গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।