জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগের রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। আইনজীবী ও রাজনীতিক হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। সংসদীয় কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তিনি রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ছিলেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।