ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের কবল থেকে ট্রাক বোঝাই ৩১ টি গরু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীররাতে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক থেকে ট্রাক ভর্তি গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীররাতে সিলেট থেকে ৩১ টি গরু বোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ি। রাত প্রায় ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এসে ওই ট্রাকটি ধাওয়া করে। পরে বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় এসে ডাকাতরা ট্রাকটিকে আটক করে।
পরে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও হেলপারের হাত-পা বেঁধে জিম্মি করে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতরা গরুর মালিকদের ট্রাক থেকে নামিয়ে দেয়। পরে ট্রাকটি নিয়ে ডাকাতরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেয়। ঘটনার সময় ডাকাতির পুরো ঘটনাটি দেখছিলেন সামনে থাকা একটি যাত্রীবাহী বাসের চালক। তিনি মোবাইল ফোনে বিষয়টি সরাইল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে ধরতে সরাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাকটিকে কুট্টাপাড়া মোড় থেকে ডান দিকে প্রবেশ করে সরাইল- নাসিরনগর-লাখাই মহাসড়কের দিকে যেতে থাকে। পুলিশও পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় গরুসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ ট্রাকটিকে নিজেদের জিম্মায় নিয়ে নেন। ট্রাক ও ৩১টি গরু বর্তমানে সরাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনার সূত্রপাত হলো বিজয়নগর উপজেলার বুধন্তি। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ডাকাতদের সনাক্ত করার ও গরুর মালিকদের খুজে বের করার চেষ্টা করছি।
