২০৩০ সালের ফিফা বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই সরাসরি মূল পর্বে খেলবে ছয়টি দেশ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েও সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।
ফলে ৪৮ দলের আসরে বাকি ৪২টি দলকে নিজ নিজ মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে জায়গা নিশ্চিত করতে হবে।

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো যৌথভাবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে, বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম ঘোষণায় দক্ষিণ আমেরিকার তিন দেশের সরাসরি অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়নি। পরে ফিফা জানায়, আয়োজক দেশের মর্যাদায় এই তিন দেশও বাছাইপর্ব ছাড়াই মূল আসরে খেলবে।

বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের কারণেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ, যেখানে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে। সেই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই ২০৩০ সালের আসরে দক্ষিণ আমেরিকার তিন দেশকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করেছে ফিফা।