বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইউরোপের দলটি। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রেখে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম। অন্যদিকে, দেশের মাঠে সমর্থকদের বিপুল প্রত্যাশা নিয়ে মাঠে নামা যুক্তরাষ্ট্র ম্যাচজুড়ে নিজেদের সেরাটা দেখাতে ব্যর্থ হয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম বড় সুযোগ তৈরি করে বেলজিয়াম। অষ্টম মিনিটে ইউরি টিলেমান্স গোলের সহজ সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই আর ভুল করেনি তারা। নিকোলা হাসকিনের দারুণ পাস থেকে শার্ল ডি কেটেলারে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন। গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে বেলজিয়াম। লিয়ান্দ্রো ট্রসার্ড ও টিলেমান্সের একাধিক প্রচেষ্টায় আরও গোলের সম্ভাবনা তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি।

Advertisement

চাপের মধ্যেও ফ্রি-কিক থেকে কিছুটা ভাগ্যের সহায়তায় ম্যাচে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া শট বেলজিয়ামের ডিফেন্ডার হন্স ফানাকের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের পরপরই দ্রুত আক্রমণে উঠে ট্রসার্ডের নিখুঁত ক্রস থেকে আবারও হেডে গোল করেন ডি কেটেলারে। নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে বলের দখল কিছুটা বাড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু আক্রমণে কার্যকর হতে পারেনি। ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল নিয়ন্ত্রণে ভুল করলে সুযোগটি কাজে লাগান ডি কেটেলারে। তার টোকা দেওয়া বল পেয়ে হন্স ফানাকে বাঁকানো শটে ব্যবধান ৩-১ করেন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও যুক্তরাষ্ট্রের আক্রমণ বারবার ব্যর্থ হয়। সেবাস্টিয়ান বারহল্টার ও ফোলারিন বালোগনের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ম্যাচের শেষ দিকে পাল্টা আক্রমণে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে বেলজিয়াম। হন্স ফানাকের পাস থেকে বল পেয়ে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। এটি চলতি বিশ্বকাপে তার টানা তৃতীয় ম্যাচে গোল। শেষ পর্যন্ত ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম।

এই জয়ের ফলে শেষ আটে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শেষ হলো শেষ ষোলোর মঞ্চেই।