কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে দাড়িয়ারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ ধাওয়া করে বাজরা বাসস্ট্যান্ড এলাকার মাছ আড়ত থেকে পিকআপটি আটক করে। তল্লাশির একপর্যায়ে পিকআপে বহন করা তুলার বস্তার আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ডালিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ডালিম মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা পিকআপ ভ্যান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দাবী, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।