বাংলাদেশের কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং ফসল উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্টের ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

বুধবার (১ জুলাই) প্রতিনিধি দলটি গাজীপুরে বারি ক্যাম্পাসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ।

পরে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইনস্টিটিউটের অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তসহ বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার, পরীক্ষামূলক মাঠ এবং আধুনিক গবেষণা অবকাঠামো পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উন্নয়ন এবং কৃষকের কাছে উদ্ভাবিত প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ সম্পর্কে অবহিত হন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির গবেষণা কার্যক্রম এবং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন।