বাংলাদেশের ধান গবেষণা, খাদ্য নিরাপত্তা এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবনের অগ্রগতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নিতে জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬-এর ১৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে।
বুধবার (১ জুলাই) গাজীপুরে অবস্থিত ব্রি ক্যাম্পাসে পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিনিধি দলে বাংলাদেশসহ ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া।
পরিদর্শন উপলক্ষে ব্রির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন, জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।
উপস্থাপনা শেষে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানী ও কর্মকর্তাদের উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি গবেষণা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন মহাপরিচালক আফসারী খানম। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।
পরে প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন গবেষণাগার এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ধান গবেষণায় বাংলাদেশের অগ্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জিনগত সম্পদ সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের কৃষি গবেষণায় ব্রির অবদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন।
