ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাকে ‘আদর্শনগর’ উপজেলা হিসেবে বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আদর্শনগর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের এ উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মাঝে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের আবহ।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা “আদর্শনগর উপজেলা চাই”, “উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক”-সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নের উদ্যোগ এ অঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন, প্রত্যাশা ও ন্যায্য দাবির বাস্তব প্রতিফলন। নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা সাধারণ মানুষের আরও দোরগোড়ায় পৌঁছাবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
বক্তারা এ মহতী উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহে আলম এবং গফরগাঁও উপজেলার গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারা আরও বলেন, ‘আদর্শনগর’ উপজেলা শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়; এটি এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা, উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রতীক। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সবশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চল উন্নয়ন, সুশাসন ও আধুনিক প্রশাসনিক সেবার এক নতুন যুগে প্রবেশ করবে। প্রাণবন্ত, শান্তিপূর্ণ ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ মিছিলটি উৎসবের আবহে সম্পন্ন হয়।
