ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামে এক কৃষকের পানের বরজে বিষ প্রয়োগ করে গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবনগর গ্রামের মৃত মারফত আলীর ছেলে নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ির উত্তর পাশে প্রায় ১৬ শতাংশ জমিতে পানের চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার পরিবারের প্রধান আয়ের উৎস ছিল ওই পানের বরজ।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, গত ১৬ জুন পর্যন্ত বরজের পানগাছগুলো সুস্থ ও সবুজ ছিল। কিন্তু ২০ জুন সকালে বরজে গিয়ে তিনি দেখতে পান, অধিকাংশ গাছ অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে। পরে ধারণা করা হয়, দুর্বৃত্তরা ঘাসনাশক বা কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করায় গাছগুলো মারা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরজজুড়ে পানগাছের পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে গেছে। অনেক গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে পড়েছে। এতে চরম হতাশা ও আর্থিক সংকটে পড়েছেন কৃষক নুরুল ইসলাম।
তিনি বলেন, অনেক কষ্ট ও অর্থ ব্যয় করে বরজটি গড়ে তুলেছিলাম। হঠাৎ কে বা কারা শত্রুতাবশত বিষ প্রয়োগ করে আমার ব্যাপক ক্ষতি করেছে। এখন পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি।
ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত বরজটি পরিদর্শন করেন। তাদের অনেকেই এটিকে পরিকল্পিত নাশকতার ঘটনা বলে মনে করছেন। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত কৃষক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পাশাপাশি ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”##