ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক শিশুকে নিয়ে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বাসিন্দা এবং ত্রিশাল উপজেলার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, তার কাছে আরবি পড়তে যাওয়া এক শিশুকে নিয়ে শনিবার বিকেলে তিনি মসজিদের ভেতরে ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময় পার হলেও শিশুটি বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিতে যান। এ সময় তিনি মসজিদের ভেতরে শিশুটিকে নিয়ে ইমামকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। এদিকে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
শিশুটির মা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, “ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। মেডিকেল ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
