চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলমান দুই পক্ষের বিরোধ নিরসনে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। প্রায় ২৫ বছর ধরে চলে আসা সামাজিক ও স্থানীয় আধিপত্যসংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে আয়োজিত এক সমঝোতা বৈঠকে উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের সালাম গ্রুপ এবং মনসুর আলী চেংগিস খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সংঘর্ষ, উত্তেজনা এবং একাধিক মামলা-মোকদ্দমার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিষয়টি নিয়ে আলমডাঙ্গা থানা ও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে শনিবার (২০ জুন) আলমডাঙ্গা থানায় উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ বৈঠকে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিরোধ নিরসনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের বিরোধ নিরসন হলে এলাকার সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
স্থানীয় প্রবীণ বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারণে গ্রামের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। সমঝোতার ফলে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের বিরোধ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, সমঝোতার মাধ্যমে কেশবপুর গ্রামে দীর্ঘদিনের বিভেদ দূর হয়ে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির নতুন অধ্যায়ের সূচনা হবে।
