ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে গফরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু ইউসুফ মো. শহীদুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, এবং স্থানীয় রাজনৈতিক ও শিক্ষা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা, আধুনিক পাঠদান পদ্ধতি গ্রহণ এবং বিদ্যমান শিক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানে আরও নিয়মিত এ ধরনের মতবিনিময়ের আহ্বান জানান।
